ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর গঠনতন্ত্র নিয়ে ক্যাম্পাসে সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠনের দ্বিমত থাকলেও নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি থেমে নেই।
জোটগত বা এককভাবে নির্বাচন করার জন্য জোর প্রস্তুতি চলছে তাদের। প্রার্থী নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিকেই নির্বাচিত করা হবে বলে জানান সংগঠনের নেতারা।
ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ডে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
প্রতিদিন মিটিং মিছিলের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিংয়ে ডাকসুর গঠনতন্ত্র চূড়ান্তের পর এখন নির্বাচনে কিভাবে অংশ নেবেন সে নিয়ে চলছে আলোচনা।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিসহ প্রগতিশীল চিন্তা চেতনা ধারণ করে এমন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন নিয়ে প্যানেল হতে পারে বলে জানিয়েছেন ছাত্রসংগঠনের নেতারা।
তবে এককভাবে নির্বাচনের বিষয়টিও রয়েছে তাদের মাথায়।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা।
তারা বলছেন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এমন শিক্ষার্থীকেই নির্বাচন করার সুযোগ দেওয়া হবে।