আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার চাপ- লোভের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, সুষ্ঠু নির্বাচন দেশপ্রেমের অভিব্যক্তি— এতে অবশ্যই সফল হতে হবে। এ প্রশিক্ষণ শুধু উপজেলা নির্বাচনের জন্য নয় বরং সারা জীবন সঞ্চয়ের জন্য।
প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু প্রশিক্ষকদের প্রশিক্ষক তাই একটি বিষয়ে সতর্ক করতে চাই য়ে এখানকার প্রত্যেকটি আলোচ্য বিষয় গভীরভাবে অনুধ্যান করতে হবে। কোনো বিষয়বস্তু সম্পর্কে কারো অস্পষ্টতা থাকলে তা এখানে নিরসন করা বাঞ্ছনীয়। কোনো বিষয়ে যদি কারো বিভ্রান্তি থাকে তাহলে সেটা এখানেই বলতে হবে এবং জানতে হবে।
মাহবুব তালুকদার বলেন, প্রশিক্ষণকে আমি সর্বদা দু`ধারী ছুরি বলে অভিহিত করি। ছুরি মানেই নেতিবাচক শব্দ নয়। ছুরি যখন ঘাতকের হাতে তখন অবশ্যই তা নেতিবাচক। কিন্তু ছুরি যখন একজন সার্জনের হাতে তখন তা মানুষের কল্যাণে নিয়োজিত।
তিনি বলেন, একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষককে নির্বাচনের প্রতিটি বিষয়ে অবশ্যই হতে হবে স্বচ্ছ ধারণার অধিকারী। তা না হলে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনার ওপর তার বিরূপ প্রভাব পড়তে পারে।
এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।