নির্বাচনী ইশতেহারে একটি সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।
ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার অভিযোগ প্রেরণ ও সমাধান এবং নগর পরিবহন ব্যবস্থায় সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি।
নির্বাচনি ইশতেহার ঘোষণার পর আতিকুল ইসলাম ‘সবাই মিলে সবার ঢাকা’ স্লোগান উল্লেখ করে নাগরিক ও প্রশাসন এক হয়ে সুস্থ, সচল এবং আধুনিক ঢাকা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, নগরবাসীদের সঙ্গে মিলে নাগরিক সমস্যা সমাধানের গুরুত্ব জোরদার করতে চাই। ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনারও। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা এই নগরীর প্রাপ্য। আমি বিশ্বাস করি আমরা সবাই যে যার জায়গা থেকে ন্যুনতম করণীয়টা পালন করলে সত্যিকার অর্থে অতিকাঙ্ক্ষিত আধুনিক, গতিময় এবং প্রগতিশীল নগরী পাবো।
মেয়র প্রার্থী তার ইশতেহারে পূর্ববর্তী মেয়রের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিশদ নতুন পরিকল্পনার কথা জানান। এর মধ্য মশা নিধন, বিশুদ্ধ বাতাস ফিরিয়ে আনা, খেলাধুলা ও অন্যান্য গঠনমূলক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত মাঠ তৈরি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বহুতল ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাংস্কৃতিক ও অন্যান্য পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা।