সংঘাত সংঘর্ষ এড়িয়ে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনে সমন্বয় ছিলো বলেই ভাল নির্বাচন হয়েছে— তাই সে অর্জনের ধারাবাহিকতা থাকবে স্থানীয় নির্বাচনেও।
এ সময় তিনি আশা প্রকাশ করেন উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।
প্রশ্নবিদ্ধ গণতন্ত্র নিয়ে কোনো জাতি আস্থার জায়গায় দাঁড়াতে পারে না—বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
সুষ্ঠু নির্বাচন দেশপ্রেমের অভিব্যক্তি— তাই উপজেলা নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে নজর রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব পালনে কেউ গাফিলাতি করলে তাদের বিরুদ্ধে কঠোর হবে কমিশন।
ব্রিফিং অনুষ্ঠানে ১২৭টি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।