প্রশ্নবিদ্ধ গণতন্ত্র নিয়ে কোনো জাতি আস্থার জায়গায় দাঁড়াতে পারে না—বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। মঙ্গলবার নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন দেশপ্রেমের অভিব্যক্তি— তাই উপজেলা নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে নজর রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান জ্যেষ্ঠ নির্বাচন এ কমিশনার।
ইসি কর্মকর্তাদের উদ্দেশে মাহবুব তালুকদার বলেন, দায়িত্ব পালনে কেউ গাফিলাতি করলে তাদের বিরুদ্ধে কঠোর হবে কমিশন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা সহ্য করা হবে না। নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করতে চাই না। নির্বাচনে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে।
ব্রিফিং অনুষ্ঠানে ১২৭টি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।