বৈরী আবহাওয়া ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
একইসঙ্গে ভোটগ্রহণ চলে নতুন যুক্ত হওয়া উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে।
ঢাকা উত্তরের মেয়র পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী অংশ নেন। তারা হলেন- নৌকা প্রতীকে আতিকুল ইসলাম, লাঙ্গল প্রতীকে শাফিন আহমেদ, বাঘ প্রতীকে শাহীন খান, আম প্রতীকে আনিসুর রহমান দেওয়ান ও ঘড়ি প্রতীকে মো. আব্দুর রহিম (স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক ফ্রন্টসহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ না নেয়ায় এবং সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে ভোটারদের তেমন একটা উপস্থিতি ছিল না।
তবে সময় বাড়ার পর কিছু কিছু ভোটার তাদের ভোট প্রদান করেন।
ভোট উপলক্ষে ঢাকার দুই সিটি ও নির্বাচনি এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে যান চলাচল।
তবে রাজধানীর জন জীবনের কথা বিবেচনায় নিয়ে দুই সিটির প্রধান সড়কে যান চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিসহ চারটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থীও।