ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার দায় নির্বাচন কমিশনের (ইসি) নয়— এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নুরুল হুদা বলেন, এ নির্বাচন ভোটারবিহীন নয়- ভোটার উপস্থিতি কম। তবে দিন শেষে এ উপস্থিতি কিছুটা বাড়বে। আর সার্বিক বিবেচনায় ভোটার উপস্থিতি কম।
ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে দুটো কারণের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি কারণ হলো; এ নির্বাচনের মেয়াদ অল্প দিনের ফলে ভোটারদের আগ্রহ কম। আবার নির্বাচনে সব দল অংশ না নেয়ায় ভোটারদের উপস্থিতি কম।
নির্বাচনে উপস্থিতির হার কম হওয়ায় নির্বাচন কমিশনের দায় আছে কি-না?— এ প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন ভোটের পরিবেশ তৈরি করে- ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আনে না। এ কাজ করে প্রার্থী ও রাজনৈতিক দল তাই উপস্থিতি কমের দায় তাদের।
নির্বাচনে সব দল যে এলো না ইসি কী তার দায় নেবে?— সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা রাজনৈতিক দলের দায়- এখানে নির্বাচন কমিশনের কোনো দায় নেই।