পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ইভিএম পদ্ধতিতে ১৬টি সদর উপজেলায় ভোটগ্রহণ করা হয়।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে চলে বিকাল ৪টা পর্যন্ত। এই ধাপে ১০৭টি উপজেলায় নির্বাচন হয়। এরমধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয় ১৬টি সদর উপজেলায়। সকাল থেকে বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
তবে, শনিবার রাতে ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া, মাছিমপুর কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমেদের ওপর প্রতিপক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এসব জায়গায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন।
সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে।
তবে যারা ভোট দিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এবারের উপজেলা নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের ব্যবহার হয়নি। তৃতীয় ধাপে কয়েকটি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট হয়। আর চতুর্থ ধাপে ইভিএমে ভোট হয় ১৬টি সদর উপজেলায়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণের এলাকাগুলোতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
চতুর্থ ধাপের নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টায় শেষ হয় নির্বাচনের প্রচার প্রচারণা।