ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে আজ কিংবা আগামীকালের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিইসি।
নূরুল হুদা বলেন, ফরিদপুর নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সংসদ সদস্য নিক্সন সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করবো। হয়তো আজকে বা কালকের মধ্যে থানায় মামলা রজু হয়ে যাবে। আমাদের নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে আলামত আছে যথেষ্ট, সেজন্য মামলা হবে। থানায় তদন্ত করে যে রকম পাবে, সেরকম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে, সেগুলো নিয়ে। অতিরিক্তি সচিবের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।