গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ মাস্টারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আব্দুর রউফ মাস্টার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত দশটার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিন-এর সংগে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছে একটি নির্মাণাধীন ব্রিজ পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এসময় ওই গ্রামের আরিফ পাগলা নামে এক যুবক লোহার রড দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। আব্দুর রউফ-এর মাথায় কয়েকটি আঘাত করে সে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রউফকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িত আরিফ-এর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। / বাভি