ইউনিয়ন পরিষদ নির্বাচনী ফলফলে পরে হেরে যাওয়া মেম্বার সমর্থকেরা হামলা ও অগ্নিসংযোগ করেছে। হামলাকারীরা ৪টি মোটরসাইকেল ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আরেকটি মোটরসাইকেল ভাংচুর করে পানিতে ফেলে দেয়। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয় এবং ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৩১ জানুয়ারি) সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচজন প্রার্থী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। বিকাল সাড়ে ৫টার দিকে বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন ভোটের ফলাফল ঘোষণা করেন।
সদস্য প্রার্থীদের ফলাফল ঘোষণা করা শেষ হলে কেন্দ্রের বাহিরে থাকা পরাজিত প্রার্থীদের সমর্থকরা ভোট কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল, লাঠিসোটা ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকেন।
হামলাকারীরা ভোট কেন্দ্রের মাঠে থাকা পুলিশের দুটি, সহকারি প্রিসাইডিং অফিসারদের দুটি মোটরসাইকে ও ভোটের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা আরেকটি মোটরসাইকেল ভাংচুর করে পানিতে ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাফি বিন কবির পুলিশ,র্যাব, বিজিবি নিয়ে হামলাকারিদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।
আহত পুলিশ সদস্যদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।