নির্বাচন কমিশন গঠনে বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার ও রোববার তিনটি বৈঠক করবে সার্চ কমিটি। আর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে মতামত চাইবে কমিটি। রোববার সন্ধ্যায় সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সব কথা বলেন।
বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার ও রোববার বৈঠকে বসবে সার্চ কমিটি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে নাম ও মতামত চাওয়া হবে।