প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না। সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করার। কেননা এটি তার উপর সাংবিধানিক দায়িত্ব। সাংবিধানিকভাবে আইন ও বিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথের কথা আবার স্মরণ করেন তিনি।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের সংলাপের পর এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার রাজনৈতিকভাবে ফয়সালা হবে। তবে আইন ও সংবিধানের অধীনে থেকেই কাজ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, আমরা সংলাপ করছি, সংলাপের ফলাফল লিপিবদ্ধ করে, পর্যালোচনা করা হবে।
সংলাপে অংশ নেয়া জ্যেষ্ঠ সাংবাদিকরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখার পরামর্শ দেন। তারা বলেন, নতুন কমিশনকে সততা নিয়ে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার পরামর্শও দেয়া হয় এসময়। এছাড়া ক্ষমতাসীনদের হস্তক্ষেপ বন্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপ নিতে হবে।
প্রয়োজনে একদিনে ভোট না করে কয়েকদিনে ভোট করার পরামর্শও দেয়া হয়।