কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদ থেকে সরে দাড়ালেন মাসুদ পারভেজ খান ইমরান। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে করে সরে দাড়ানোর ঘোষণা দিলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মাসুদ পারভেজ খান ইমরান, তার বোন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পক্ষ থেকে ইমরানের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা আসলেও বিষয়টি নাকচ করে দেন ইমরান।
উল্লেখ্য, কুমিল্লা আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান। এর আগে ২০১২ ও ২০১৭ সালে আফজল খান ও তার মেয়ে আঞ্জুম সুলতানা সীমাকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু দুবারই বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন তারা।