কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের আশপাশে বৈধ অস্ত্রবহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো.আতিয়ার রহমান সম্প্রতি নির্দেশনাটি পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে কুসিক নির্বাচনী এলাকায় ১৩ জুন ভোর ৬টা থেকে ১৭ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ১১৪ ঘণ্টার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে।
নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১০৫টি ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ৬০৮ জন সদস্য।
ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে থাকবেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়া আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে।
সোমবার (১৪ জুন) সকালে জেলা স্টেডিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়। সহিংসতার চেষ্টা হলে প্রথমে লাঠি চার্জ, টিয়ারশেল এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে গুলি চালাতে পারবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভোট আয়োজনে মঙ্গলবার (১৪ জুন) কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম বিতরণ করা হচ্ছে। ট্রাকে করে সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
এবার ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।