বন্যা, জলোচ্ছাস, সাইক্লোনসহ নানা প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে দেশে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত এবং দক্ষ জনবলের অভাব রয়েছে। এর জন্য সরকারি ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা।
এসময় প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন রোধে সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।
প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এরমধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলো। প্রতিবছরই সাইক্লোন, বন্যা ও ভূমিধসে এসব অঞ্চলের মানুষ বিভিন্নভাবে ক্ষতির শিকার হচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুর্যোগ প্রতিরোধে প্রশিক্ষিত জনগষ্ঠির অভাব রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. মো. আকবর।
তিনি বলেন, সুপরিকল্পিত পদক্ষেপ নিতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।
বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর পরিবর্তন হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় আরো বেড়েছে বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসব প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থার প্রসারের প্রতিও জোর দেন তিনি।