ঢাকা মহানগর রক্ষায় বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী সৈয়দা রিজওয়ানা আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে ডিটেইল্ড এরিয়া প্ল্যান অগ্রাহ্য করে ভূমি উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ ও আমাদের উদ্বেগ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
এ পরিকল্পনায় প্রস্তাবিত ভূমি ব্যবহার অনুসরণ করলে ঢাকা শহরে স্বচ্ছন্দে প্রায় ৩ কোটি লোক বসবাস করতে পারবেন বলেও জানান তিনি।
বিভিন্ন হাউজিং কোম্পানি অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প গড়ে তুলছে উল্লেখ তিনি অভিযোগ করেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয়ায় এ সমস্য সৃষ্টি হচ্ছে।
ভূমি দস্যূদের পক্ষ না নিয়ে ড্যাপ বাস্তবায়নে নিরপেক্ষ তদন্ত দাবি করেন বেলার নির্বাহী।
তিনি বলেন, ‘সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের দুর্নীতির ব্যাপক সুযোগ রয়েছে তাই আমরা দুদকের কাছে জানতে চাই মন্ত্রীকে এ আয় বহির্ভূত সম্পদ দিয়েছে কারা? তাদের একটি তালিকা প্রকাশ করা হোক,এবং তাদের আইনের আওতায় আনা হোক।’
রিজওয়ানা আরো বলেন, ‘আমাদের বর্তমান মন্ত্রীও কী একই পথে হাঁটছেন?’
অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রভাবশালী মহল ঢাকা শহরের আশপাশের জলাধারা ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলছে--এ কথা উল্লেখ করে বক্তারা অবিলম্বে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত ড্যাপ বাস্তবায়নের আহ্বান জানিয়ে,তাদের আন্দোলন অব্যাহত থাকার কথা বলেন।