কয়েক দিনের টানা বর্ষণে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বর্ষা মওসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হলেও, নিম্নচাপের কারণে বৃষ্টি বেশি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আগামীকাল শনিবার বিকেল থেকে বৃষ্টি কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে। কোনো কোনো এলাকায় পানি নেমে গেলেও, একটু বৃষ্টিতেই পুনরায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে সোয়ারেজের পানি মিশে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
সাগরে নিম্নচাপের কারণে ২/৩ দিন ধরে প্রায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান বলেন, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টিপাত উল্লেখ করে তিনি বলেন, নিম্নচাপের কারণে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তবে শনিবার বিকেল থেকে বৃষ্টি কমে আসতে পারে বলে জানান তারা।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমুদ্র উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, থেমে থেমে বর্ষণে শান্তিনগর, মালিবাগ, রামপুরা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে মিশেছে সোয়ারেজের পানি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।