গত কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কুড়িগ্রামের ৯ উপজেলার শতাধিক গ্রামের ৫০ হাজার মানুষ। তলিয়ে গেছে ৩০ হাজার হেক্টর জমির আমন ফসল।
লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার পরিবার। বিস্তীর্ণ এলাকায় তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট। ভেসে গেছে পুকুরের মাছ। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। ঘরে পানি ঢুকে পড়ায় লোকজন উচু সড়কে আশ্রয় নিয়েছে।
এদিকে, বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।