যে সময়ে ইলিশ ধরা নিষেধ সেই সময়ে মৎস চাষীদের ক্ষতিপূরণ দিয়ে ইলিশ সংরক্ষণ সম্ভব হবে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইউএসএআইডির বাংলাদেশের উপকূলীয় মৎস সম্পদ বৃদ্ধি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অতিরিক্ত মাছ ধরা, দূষণ, পলি ও নদীর স্রোতের দিক পরিবর্তনের কারণে ইলিশ মাছের বিচরণক্ষেত্র কমে এর উৎপাদন হুমকির মুখে পড়ছে।
ছায়েদুল হক বলেন, দেশের ৪০০ কিলোমিটার নদীপথে ইলিশ বিচরণ করে। এই বিচরণ এলাকায় চার ধরনের কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকার চলছে। সরকার এই জাটকা শিকারের বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর হবে। যারা এ ধরনের জাল তৈরি ও ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইলিশ মাছের বংশবিস্তারে মৎসচাসীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী।