জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝড়, বন্যা, ভূমিধস ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ ঝুঁকির সূচকে ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। জার্মানির বন শহরভিত্তিক জলবায়ু পরামর্শক গোষ্ঠী ‘জার্মান ওয়াচ’ প্রকাশিত ‘বৈশ্বিক জলকবায়ু ঝুঁকি সূচক-২০১৬’ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জলবায়ু বিশ্লেষকদের তৈরি ওই প্রতিবেদনে সতর্ক করা হয়, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে না পারলে ঝুঁকির সূচকে থাকা দেশগুলোতে আরো দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
এতে বলা হয়, বৈশ্বিক জলবায়ুর ব্যাপক পরিবর্তনে ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
সূচকে এরপর রয়েছে, ফিলিপাইন, নিকারাগুয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড এবং গুয়াতেমালা। এ প্রতিবেদনটি প্যারিস সম্মেলনে যারা জলবায়ু নিয়ে একটি সর্বসম্মত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন তাদের জন্য একটি সতর্ক বার্তা।