বিশ্বব্যাংকের হস্তক্ষেপেই জলবায়ু উন্নয়ন তহবিলের থেকে প্রাপ্য অর্থের পুরোটা বাংলাদেশ এখনো পায়নি বলে অভিযোগ করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘টেকসই উন্নয়নে পরিবেশ শীর্ষক’ গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনেক ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
জবাবে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে এখনো বিদেশি অনুদান ও সহায়তার ওপরই নির্ভর করতে হয় বলে জানান বন ও পরিবেশ মন্ত্রী।
এদিকে রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত আরেক অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
দিবসটি উপলক্ষে মাদারটেক ও খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ করেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
শহরাঞ্চলে বাসা-বাড়ির ছাদে বাগান করারও পরামর্শ দেন সাবের হোসেন।
এদিকে, ‘বন্য প্রাণী ও পরিবেশ বাঁচাই প্রকৃতি বাঁচাই দেশ’ এই স্লোগানকে সামনে রেখে খুলনা, কক্সবাজার, মৌলভীবাজার, বরিশাল, চাঁদপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।