উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাট ও কুড়িগ্রামের বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে বন্যা। পানি বন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের ৫টি উপজেলার ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ অঞ্চলের বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের সংকট।
বন্যা কবলিত এলাকার রোপা আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানির নীচে তলিয়ে গেছে। কাঁচা সড়ক ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযাগ ব্যবস্থা।
নদনদীর পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি সামাল দিতে সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
এদিকে, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর তিস্তার পানি কাউনিয়া পয়েন্টের ২৪ সেন্টিমিটার, দুধকুমারের পানি নুন খাওয়া পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।