উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটির অবস্থান এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।
পাশাপাশি সঞ্চরণশীল ‘মেঘমালার’ প্রভাবে মংলা বন্দরসহ খুলনার বিভাগের প্রায় সর্বত্র মাঝে মাঝেই বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে বন্দরে অবস্থানরত সকল দেশি ও বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন ব্যাহত হচ্ছে। সাগরে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এদিকে, নদী বন্দরে সতর্ক সংকেত থাকায় পটুয়াখালির অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ বন্দর কর্তৃপক্ষ।
আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুটের বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।