উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মংলা ও পতেঙ্গা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
লঘুচাপের ফলে সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে। যার প্রভাবে মংলা বন্দরসহ খুলনার উপকূলীয় এলাকায় টানা বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া।
বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। বন্দরের জেটিতে পণ্য খালাসের জন্য ২টি জাহাজ থাকলেও বহিনোঙ্গরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে আরো ১৫টি জাহাজ।
এদিকে, ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পতেঙ্গা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
টানা বর্ষণ ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে পানি বেড়ে প্লাবিত হয়েছে ভোলা ও পটুয়াখালীর বিস্তীর্ণ চর ও নিম্নাঞ্চল। নদী উত্তাল থাকায় অধিকাংশ জেলে নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। বন্ধ রয়েছে সব ধরণের নৌযান চলাচল।