রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি— যা পরিবেশ তথা সুন্দরবনের সুরক্ষায় উপযোগী। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে এখন পর্যন্ত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আল্ট্রা সুপার ক্রিটিকাল।
বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এ প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে বলে দাবি করছে সরকার। আর পরিবেশবাদীরা বলছে, এ প্রযুক্তি সেকেলে।
তবে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দেশে-বিদেশে দক্ষতার সঙ্গে কাজ করছেন এমন বিশেষজ্ঞরা বলছেন, রামপালে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এখন পর্যন্ত বিশ্বে এর চেয়ে উন্নত মানের কোনো প্রযুক্তি আবিস্কার হয়নি।
আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফী বলেন, সালফার ডাই অক্সাইডের দুষণ নিয়ন্ত্রনে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক ফ্লু-গ্যাস ডিসালফারাইজেশন প্লান্ট। নাইট্রাস অক্সাইড এবং এ্যাস নিয়ন্ত্রণেও থাকবে সর্বাধুনিক প্রযুক্তি।
পরিবেশবাদীদের সংশয় যে সরকার উন্নত প্রযুক্তির কথা নিম্নমানের প্রযুক্তি ব্যবহার করতে পারে এ কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সরকারের সে সুযোগ নেই।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন এবং ভারতের অনেক বিদ্যুৎ কেন্দ্রেই পরিবেশের কোনো ক্ষতি না করেই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির চেয়ে নিম্নমানের সাব ক্রিটাক্যাল বা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।