বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা অতিক্রম করে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সকল সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) জানিয়েছে, রোববার সকালে অভ্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অনুমতি দেয়া হয়েছে আবারো সব ধরণের নৌযান চলাচলের।
এছাড়াও সকালে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।
এরইমধ্যে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নোয়াখালীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে হাতিয়া দ্বীপ ও বিভিন্ন চর। হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত।
এদিকে, নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের জেএসসির আজকের ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা হবে ১২ নভেম্বর।
আর মাদ্রাসা বোর্ড - জেডিসির ইংরেজী প্রথম পত্রের পরীক্ষাও স্থগিত করা হয়েছে— এ পরীক্ষা হবে ১৯ নভেম্বর।