জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কয়েকটি স্থানে সাড়ে ৪ ফুট উচ্চতার সুনামির খবর দিলেও এখনো পর্যন্ত ভূমিকম্প ও সুনামিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় জাপানের ফুকুশিমা, মিয়ামি, চিবা, আমোরি, আওতে, ইবারাকি প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯। তবে জাপানের আবহাওয়া অধিদপ্তর এর মাত্রা বলছে ৭.৪। শক্তিশালী এ ভূমিকম্পের পরের ৪ ঘণ্টায় কমপক্ষে ১০টি পরাঘাতের রেকর্ড করেছে ইউএসজিএস।
ভূমিকম্পের পরপরই জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েক স্থানে সাড়ে চার ফুট উচ্চতার সুনামির খবর এসেছে।
তবে ভূমিকম্প ও সুনামিতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যোগাযোগ।