উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। রোববার গভীর রাতে শুরু হয়ে আজ দুপুর অব্দি চলেছে এ ভারি ও মাঝারি বর্ষণ। সোমবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে, বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলজট-যানজটে বেশ সমস্যায় পড়তে হয় নগরবাসীকে।
সকাল থেকেই থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এতে করে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শান্তিনগর, মৌচাক, মালিবাগ, রাজারবাগ, রামপুরা এবং বাড্ডা সড়কে জলজটের ভোগান্তির সঙ্গে যোগ হয় তীব্র যানজটের যন্ত্রণা।
নগরবাসী বলছে, বৃষ্টি কারণে যেটুকু সমস্যা হয় তার থেকে বেশি সমস্যা ভোগ করতে হচ্ছে সড়কের পানি জমে যাওয়ায়। কোনো কোনো এলাকা হাটু সমান পানি জমেছে বলে অভিযোগ তাদের।
কয়েকদিন পরেই ঈদ। তাই মার্কেট গুলোতে এখন ভীড় থাকার কথা। কিন্তু বৃষ্টি ও রাস্তার অবস্থা খারাপ হওয়ায় মার্কেটগুলোতে ক্রেতার ভীড় নেই বললেই চলে। ব্যবসায়ীরাও বলছেন বৃষ্টি থেকেও সড়কের বেহাল দশার কারণে আসছেন আর ক্রেতারা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিং, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জসহ বৃষ্টি হতে পারে।