আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে বন্যার আভাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি ঠেকাতে আগাম প্রস্তুতি রয়েছে সরকারের। দেশের সকল জেলায় আগাম ত্রাণসহ নানা ধরনের সহায়তা জেলা প্রশাসকদের মাধ্যমে প্রস্তুতি নেয়া হয়েছে।
এ তথ্য মাথায় রেখে হাওরাঞ্চলসহ যেসব এলাকার ফসল তোলার সময় এসেছে, তা দ্রুত তোলার আহবান জানিয়েছেন মন্ত্রী।
মায়া বলেন, আগামী মে, জুন এবং জুলাই মাসকে বর্ষা মৌসুম বিবেচনায় নিয়ে সরকার এরই মধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি নিয়েছে। চলতি মাসের শুরুতেই ঢাকা ময়মনসিংহ, সিলেট, পঞ্চগড়, পটুয়াখালী, খুলনা, চট্টগ্রাম জেলায় বন্যার আশংকা করা হচ্ছে। আর এরজন্য প্রতিটি জেলায় নগদ অর্থসহ খাদ্যসামগ্রীও প্রস্তুত রাখা হয়েছে।
তবে হাওরসহ যেসব অঞ্চলে এরই মধ্যে ফসল তোলার সময় হয়েছে, সেসব এলাকার ফসল দ্রুত সংগ্রহে কৃষকদের প্রতি আহবান জানান তিনি।
গত কয়েকদিনের বন্যাকে স্বাভাবিক উল্লেখ করেন মন্ত্রী আরো বলেন, এরই মধ্যে বন্যায় সেসব অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে, সেজন্য ত্রাণ অব্যাহত রয়েছে।
এদিকে, ২৯ ও ৩০ এপ্রিল দুইদিনে বজ্রপাতে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এই দুর্যোগে প্রানহানি ঠেকাতে এবার তাল গাছ রোপনের ওপর জোর দিয়েছেন মন্ত্রী।
তিনি আরো বলেন, বরাবরের মতো বন্যার ক্ষয়-ক্ষতি ঠেকাতে জনসচেতনতা মূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।