নদী দূষণ ও দখলের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।
নদী থেকে বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি নদীগুলোকে রক্ষায় বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের দাবি জানান তারা।
শনিবার রাজধানীতে নদী দিবস উপলক্ষে পুরানো ঢাকায় গণসমাবেশ ও পদযাত্রা থেকে এসব দাবি জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন।
এ সময় দেশ ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে নদী রক্ষায় জন সচেতনতা বাড়ানোর আহ্বান জানান পরিবেশবাদীরা।
প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালিত হয় বিশ্ব নদী দিবস। এবারের নদী দিবসের প্রতিপাদ্য -নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করা। দিবসটিকে সামনে রেখে কয়েকটি পরিবেশবাদী সংগঠন শনিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে আয়োজন করে গণ সমাবেশ ও পদযাত্রা।
এতে অংশ নিয়ে পরিবেশবাদীরা বলেন, নদী সংরক্ষণে সরকার আগ্রহী হলেও জনসচেতনার অভাবেই নদী দূষণ, দখল ও নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছে না।
নদী দূষণ, দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান কলামিস্ট আবুল মকসুদ।
তিনি বলেন, সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ করে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে নদী রক্ষা করা সম্ভব।
পরে, বাহাদুর শাহ পার্ক থেকে সদরঘাট পর্যন্ত পদযাত্রা করেন পরিবেশবাদীরা।