আবাসিক, বাণিজ্যিক ও কারখানার জন্য আলাদা পরিকল্পনা করে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করবে সরকার। এজন্য কর্মপরিকল্পনা তৈরিতে কাজ শুরু করেছে সরকার। এবিষয়ে আজ (৮ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইইউ-স্যুইচএশিয়া যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মিজানুল হক চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কম কার্বন নিঃসরণে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য পরিবেশ দূষণ না হয় এমন বিষয়কে গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। তবে এবিষয়ে জনসচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি বলেন, আশেপাশে খোলা জায়গা ও সূর্যের আলো থাকতে এমনভাবে ভবন নির্মাণ করতে হবে। ইট, রড এবং সিমেন্টসহ সকল নির্মাণসামগ্রী পরিবেশ বান্ধব হতে হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পরিবেশ ও এনার্জি বিষয়ের অধ্যাপক ডক্টর মোঃ আশিকুর রহমান জোয়ার্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার প্রমুখ। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।