সারাদেশে চলছিল তীব্র তাপদাহ। এ থেকে বাঁচতে আশার সংবাদ দিয়েছিল আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর আগেই ঘোষণা দিয়েছিল ঈদের দিনে বৃষ্টি হতে পারে পারে সারাদেশে। তাদের পূর্বাভাস সত্য হল। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যখন ঈদ উদযাপিত হচ্ছে তখন বৃষ্টি হানা দিয়েছে সারাদেশে।
করোনার প্রকোপ কমে যাওয়ায় ঈদে এবার বাড়তি উৎসাহ বিরাজ করছে সারাদেশে। বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাতে অংশ তাই মুসল্লিদের ঢল নামে। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাধ সাধে গুড়িগুড়ি বৃষ্টি। দেশে বিরাজমান তীব্র তাপদাহ থেকে মুক্তি দিলেও এই বৃষ্টি ঈদগাহের নামাজে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিন শেষে রাতেও দেশব্যাপী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আবহাওয়া অধিদপ্তরের আগেই পূর্বাভাস ছিল ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।
তিনি বলেন, আজ সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টি হবে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। আর এখনকার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।
এদিকে ভোর থেকে নওগাঁয় ৩৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার, রাজারহাটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোট হিসেবে এই চার জায়গায় প্রায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।