ক্যালেন্ডার বলছে, আজ ৩০ আষাঢ় অর্থাৎ আষাঢ়ের শেষ হতে আর মাত্র এক দিন বাকি। আষাঢ়ের বিদায় বেলাতেও বৃষ্টি নেই। প্রাণজুড়ানো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে চলছে রোদেরও দাপট। বোঝা দায়-দিনগুলো বর্ষাকালের নাকি গ্রীষ্মের! বলা যায়, বর্ষার বর্ষণের দেখা মিলতে না মিলতেই শেষ হয়ে যাচ্ছে এবারের বর্ষাকালের প্রথম মাস আষাঢ়।
বলা হয়, শ্রাবণ মানে অঝোর ধারায় বর্ষণ। জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত এই পরিস্থিতিতে আগাম পূর্বাভাসে আষাঢ়ের বিদায়ের একদিন আগেই বৃহস্পতিবার ( ১৪ জুলাই) সুখবর দেয় আবহাওয়া অফিস। তাদের তথ্য বলছে, উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি কেটে গেলেই শুরু হবে বর্ষার দাপট।
আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, উড়িষ্যা উপকূলের লঘুচাপের কারণেই দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি এখনো হয়নি। লঘুচাপটি কেটে গেলে শনিবার (১৬ জুলাই) অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই বাড়বে বৃষ্টির প্রবণতা। বর্ষণে ভিজবে উত্তরের জনপদ। প্রাণ ফিরে পাবে বর্ষা।
আসলে বর্ষা আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে। পুরনো জঞ্জাল ধুয়েমুছে আমরাও জেগে উঠি প্রাণচাঞ্চল্যে। আষাঢ় তো বৃষ্টি নিয়েই শুরু হয়েছিলো। শ্রাবণও তার ধারা বজায় রেখে অবিরাম বর্ষণে সিক্ত করুক এই ধরা।