মোটরসাইকেল, গাড়ি কিংবা বাসাবাড়ি ও দোকানপাটে চুরির ঘটনা হরহামেশাই ঘটছে। প্রশাসনের নানা প্রচেষ্টাও রুখতে পারছে না এসব ঘটনা। এসব চুরি ঠেকাতে রাজশাহীর আতাউর রহমান আবিষ্কার করেছেন সিকিউরিটি ডিভাইস।
আতাউর রহমানের দাবি, তার উদ্ভাবিত এসব ডিভাইস যেমনি মোটরসাইকেল, গাড়ি, ইলেক্ট্রিক্যাল ট্রান্সফরমারের চুরি রোধ করবে তেমনি বাসাবাড়ি ও দোকান পাটকেও নিরাপদ করবে।
৫ হাজার টাকা ব্যয়ে ছোট্ট একটি সিকিউরিটি ডিভাইস লাগিয়ে নিলে এসব ঘটনা রোধ করা সম্ভব।
মালিক ছাড়া অন্য কেউ মোটরসাইকেল বা গাড়ির লক খোলার সঙ্গে সঙ্গে মালিকের সেলফোনে সতর্ক সঙ্কেত বেজে উঠবে।
রাজশাহীর বাঘা উপজেলার আতাউর রহমানের এসব ডিভাইস নিরাপত্তা দেবে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও।
দরজায় কে কড়া নাড়ছে, তা দেখতে দরজার কাছে গিয়ে কি-হোল দিয়ে তাকাতে হবে না। ভিতরে রাখা সিকিউরিটি ডিভাইসে ভেসে উঠবে আগন্তুকের ছবি।
এর পাশাপাশি আতাউর রহমান উদ্ভাবন করেছেন অটো অটার লেবেল কন্ট্রোলিং সিস্টেম। যাতে পানির অপচয় যেমন রোধ হবে তেমনি বিদ্যুতেরও সাশ্রয় হবে।
প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠা বিজ্ঞান পাগল এই অল্পশিক্ষিত মানুষটির খেলার ছলে এসব উদ্ভাবন হয়তো তাক লাগিয়ে দেবে অনেক বড় বড় উচ্চ শিক্ষিত প্রকৌশলীদের। সৃষ্টিশীল মননের সঙ্গে একান্ত আগ্রহ আর প্রচেষ্টার বলেই আতাউর রহমান হেটেছেন এতোখানি পথ।