সৌদি আরবসহ মধ্যেপ্রাচ্যের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মার্স করোনা ভাইরাসের কবল থেকে বাংলাদেশ এখনো ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে মধ্যেপ্রাচ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে এ ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকে নেয়া হয়েছে বলেও জানান তারা। সৌদি আরবে এ পর্যন্ত মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশিসহ মারা গেছেন ১০২ জন।
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম সংক্ষেপে ‘মার্স’। ঘাতক এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সৌদি আরবসহ মধ্যেপ্রাচ্যর কয়েকটি দেশে। গবেষকদের ধারনা, কোনো পশুর মাধ্যমে প্রাথমিকভাবে এ ভাইরাসটি ছড়ালেও পরবর্তীতে হাঁচি, কাশির মাধ্যমে তা মানুষের মধ্যে ছড়াচ্ছে। মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন দেশে আসেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।
এ ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা সাংবাদিকদের—এ প্রশ্নের জবাবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুহাম্মদ মুশতাক হোসেন বলেন, এ ভাইরাসটি নিয়ে এখনো গবেষণা চলছে, তাই প্রতিরোধই হতে পারে এ ভাইরাসের কবল থেকে বাঁচার অন্যতম উপায়।
তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো এরকম রোগী পাইনি। আমরা এখানে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। আগে চিকিৎসকদের ট্রেনিং দিচ্ছি, চিকিৎসক ছাড়াও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা রোগের লক্ষণ কি সেটা বলছি, ব্যবস্থানা সম্পর্কে আমরা বলেছি।’
তিনি আরো বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ এ ভাইরাস থেকে ঝুঁকিমুক্ত রয়েছে।