বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইম্যুনাইজেশনকে (গ্যাভি) সহযোগিতা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার (হু) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, বাংলাদেশে বিভিন্ন বাধা অতিক্রম করে বর্তমানে ৮২% শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা এক বিরাট সাফল্য। এ কর্মসূচির সাফল্যের কারণে এমডিজি-৪ অর্জনে যে শিশু মৃত্যু হ্রাসের লক্ষ্য ছিল, সেটিও অর্জিত হয়েছে।
বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরষ্কার অর্জন এবং ২০০৯ ও ২০১২ সালে দুই বার গ্যাভি পদক অর্জন করেছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
তিনি বলেন, শিশু ও মাতৃ স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের জনগণের অঙ্গীকার এ সাফল্যের মাধ্যমে অর্জিত হয়েছে।
বাংলাদেশ এ খাতে এশিয়ায় চ্যাম্পিয়ন— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, টিকাদান কর্মসূচির গুনগত ও দক্ষতার মান বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার এবং ভবিষ্যতে বাংলাদেশসহ এ অঞ্চলে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা বৃদ্ধিতে জন্য গ্যাভি’র প্রতি আহ্বান জানাই।
বৈঠকে গ্যাভির কার্যক্রম সর্ম্পকে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন গ্যাভি এলায়েন্স এর কান্ট্রি প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিন্ড খতিব ওঠম্যান।