অটিজম যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু বিষয়টি দেশের মানচিত্র থেকে বিদেশের মানচিত্রে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলের ৩২তম সভার শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা।
পুনম ক্ষেত্রপাল বলেন, চার দিনব্যাপী অনুষ্ঠানের ৩ দিন কোনো দেশের প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার ঘটনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাসে এ প্রথম ঘটল।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জনশক্তি উন্নয়ন ও ওষুধ আমদানির বিষয়ে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
নাসিম বলেন, মালদ্বীপ থেকে প্রচুর শিক্ষার্থী বাংলাদেশে পড়তে আসে। মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়াতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। কালাজ্বর নির্মূলে বাংলাদেশ, ভারত, ভুটান, থাইল্যান্ড ও নেপালের মধ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এছাড়া, বৈঠকে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপগুলো তারাও অনুসরণ করবেন বলে জানিয়েছেন সম্মেলনে অংশ নেয়া ১১ দেশের মন্ত্রীরা।