ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে জোরদার প্রচেষ্টা চালানো না হলে আগামী নভেম্বর নাগাদ এ রোগে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে ২০ হাজারে দাঁড়াবে। কারণ প্রতি সপ্তাহে নতুন করে কয়েক হাজার লোক ইবোলায় আক্রান্ত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার এমন সতর্কবার্তা জারি করেছে।
এ সংস্থার এক জরিপে বলা হয়, ‘ইবোলা প্রতিরোধে জোরদার পদক্ষেপ নেয়া না হলে আগামী মাসগুলোতে ইবোলা রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতি সপ্তাহে কয়েকশ’ থেকে কয়েক হাজার বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।’
পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলায় ইতোমধ্যে ২ হাজার ৮০০ বেশি লোকের প্রাণহানি এবং ৫ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বলা হয়, এক্ষেত্রে জোরদার পদক্ষেপ না নিলে আগামী নভেম্বর নাগাদ গিনিতে ৫ হাজার ৯২৫ জন, লাইবেরিয়ায় ৯ হাজার ৯৩৯ জন এবং সিয়েরা লিওনে ৫ হাজার ৬৩ জন ইবোলায় আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত জরিপে বলা হয়, এ সময় নাগাদ এ তিন দেশে ইবোলায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সূত্র বাসস।