যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আরো এক স্বাস্থ্য কর্মীর শরীরে ইবোলা ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
আক্রান্ত দুজনই যুক্তরাষ্ট্রে ইবোলা ভাইরাসের প্রথম চিকিৎসা নেয়া লাইবেরিয়ার থমাস ডানকানকে এ সংক্রমণের জন্য দায়ী করছেন, যিনি গত দুই সপ্তাহ আগে মারা গেছেন।
এদিকে, জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান বলেছেন, ভাইরাসটি প্রতিরোধে বিশ্বসম্প্রদায় পিছিয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত ইবোলায় চার হাজার চারশো সাতচল্লিশ জনের প্রাণহানি হয়েছে, যাদের বেশির ভাগই পশ্চিম আফ্রিকার। সিয়েরালিয়ন, লাইবেরিয়া, গিনিতে ইবোলা আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে অ্যান্থনি ব্যানবেরি বলেন, ইবোলা সংক্রমণকে এখনই না থামানো গেলে বিশ্বকে নজিরবিহীন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।