স্বাস্থ্যখাতে নিয়োগ, বদলি, পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম দুর্নীতি রয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে তা অসত্য ও মনগড়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এসব ক্ষেত্রে যথেষ্ট সচ্ছতা রয়েছে দাবি করে টিআইবির প্রতিবেদনের সত্যতা খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
সাড়ে পাঁচ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, টিআইবি স্বাস্থ্যখাত নিয়ে যেসব মন্তব্য করেছে তা ভিত্তিহীন। এমনকি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার সঙ্গেও টিআইবি এ বিষয়ে কথা বলেনি।
তাদের অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যাবে না উল্লেখ করে বলেন, তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে নিয়োগ, বদলি, পদোন্নতিতে সর্বোচ্চ সচ্ছতা বজায় রাখা হয়েছে। সেখানে দুর্নীতির কোনও সুযোগ নেই।
এর আগে সরকারি হাসপাতালগুলোর চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে বৈঠকে সরকারি শিশু হাসপাতালের সামনের এবং মহাখালি সরকারি হাসপাতালের জায়গায় সাত তলা বস্তি উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয়।