সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর দুর্ঘটনার পর চিকিৎসায় অবহেলার অভিযোগে মোহনা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার অনুমোদনহীন হাসপাতালটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিনিধিরা ঘুরে দেখে এর কার্যক্রম বন্ধ করে দেন।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) মোশাররফ হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) এ বি এম আবদুল হান্নান ছিলেন।
পরে আবদুল হান্নান সাংবাদিকদের বলেন, মোহনা কর্তৃপক্ষ ডায়াগনিস্টিক সেন্টারের অনুমোদন নিয়ে হাসপাতাল খুলে বসেছিল। হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে ভর্তি রোগীদের সরিয়ে নিয়ে মঙ্গলবারের মধ্যে মোহনা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আবদুল হান্নান বলেন, মোহনা কর্তৃপক্ষের প্রতিবেদন পেলেই চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। তবে তারা হাসপাতাল চালাতে পারবে না বলে জানান তিনি।
গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরুল কায়েস জানান, জগলুল আহমেদ কারওয়ান বাজারে একটি বাস থেকে নামার সময় পড়ে যান। আঘাতে তার নাক ও কানের পাশ দিয়ে রক্ত বের হয়। তখন আরো দুই/তিন জনের সহযোগিতায় তাকে পান্থপথ মোড়ে মোহনা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষার কথা বলা হয়। আমরা সেই পরীক্ষা করাতে বললে প্রায় ৪৫ মিনিট পর তারা জানায়, এখানে চিকিৎসা হবে না। তারপর তাকে পাশের কমফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দুর্ঘটনার কারণ তদন্তে সড়ক পরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যে ৫ সদস্যের কমিটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।