ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে পেট্রোলবোমায় দগ্ধ রোগীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কজনক। আইসিইউতে নিবির পরিচর্যায় রয়েছেন তারা। এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন আরো ৪৫ জন।
রোববার দুপুরে চলমান রাজনৈতিক সহিংসতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. সাজ্জাদ খোন্দকার বলেন, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে ৩টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সেবা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এদিকে, চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রোগী ভর্তি ঘটনা এখন নিয়মে দাঁড়িয়েছে।
ফলে আহত রোগীদের দেখতে বার্ন ইউনিটে প্রতিদিনিই ভির করছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ গণমাধ্যম কর্মীরা।
এতে দগ্ধ রোগীদের ইনফেকশনের ঝুঁকি বাড়ায় স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে রোগীর স্বজন ছাড়া অন্যদের হাসপাতালে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।