সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ২৪ ঘন্টায় ১০ শিশুসহ ৩২জনের মৃত্যুর ঘটনা তদন্তে সিলেটে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত দল।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত দল বুধবার দুপুর ১২টা থেকে হাসপাতালে কাজ শুরু করেছে।
প্রথমে তদন্ত দল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিয়ার সাথে বৈঠক করেছে। বেলা ১টার দিকে তদন্ত দল হাসপাতালের ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. এমএ ছালাম জানান, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারির নেতৃত্বে গঠিত ৩ সদস্যের অপর তদন্ত টিমও কাজ শুরু করেছে। মন্ত্রণালয় ও হাসপাতাল গঠিত কমিটি ৭দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, সোমবার ২৪ ঘন্টায় ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় ১০ শিশুসহ ৩২জনের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশুসহ ৩২জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে অন্যান্য দিনের চাইতে এই অধিক হারে মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। ৭দিন পর তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে।