বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ -হরতালে নাশকতার আগুনে দগ্ধ হওয়ার ১৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের সুভাষ চন্দ্র সোম।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান সুভাষ।
গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাসে একটি বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন সুভাষসহ সাত জন।
রেয়াজউদ্দিন বাজারের আড়তকর্মী সুভাষ কাজ শেষে আগ্রাবাদের বাসায় ফিরছিলেন ওইসময়। প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
চিকিৎসক জানান, ৬৫ বছর বয়সী সুভাষের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের সুভাষ সোম তিন মেয়ের বাবা। স্ত্রী নেলী সোম ও পরিবারের সদস্যদের নিয়ে আগ্রাবাদের মিস্ত্রি পাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
গত ৫ জানুয়ারি থেকে অবরোধ-হরতালে নাশকতায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই মারা গেছেন পেট্রোলবোমা বা গাড়িতে দেয়া আগুনে দগ্ধ হয়ে।