জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ হাঁটুতে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
এদিকে, বুধবার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এরশাদের। তার অসুস্থতার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এ বিশেষ দূতের রাজনৈতিক ও গণমাধ্যম সচিব সুনীল শুভ রায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
সুনীল শুভ রায় বলেন, বাম পায়ের হাঁটুতে ব্যথা নিয়ে গতকাল সন্ধ্যায় সিএমএইচে ভর্তি হন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার ওই হাঁটু ফুলে গেছে।
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ বলেন, রাতে আমাদের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু টেলিফোন করে চেয়ারম্যানের অসুস্থতা ও জেলা সম্মেলন স্থগিতের কথা জানিয়েছেন।
তিনি (এরশাদ) সুস্থ হলে জেলা সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।
সাবেক সেনাশাসক এরশাদ গত ২০ মার্চ কেক কেটে নিজের ৮৫তম জন্মদিন পালন করেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি কয়েক মাস পরপর সিঙ্গাপুরে গেলেও গত দেড় বছরে দেশে তাকে কখনো হাসপাতালে ভর্তি হতে হয়নি।