বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হলো দ্বিতীয় আর্ন্তজাতিক যোগ দিবস।
মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় আর্ন্তজাতিক যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মন্ত্রী, সেলিব্রেটি এবং যোগচর্চাকারীরা অংশ নেন।
মানবিক আচরণ ও সুস্থ দেহের জন্য যোগ একটি পরিপূর্ণ ব্যায়াম উল্লেখ করে যোগ চর্চার প্রতি গুরুত্ব দেন এই ব্যায়ামের চর্চাকারীরা।
তারা বলেন, অন্যান্য দেশের মতো এদেশেও যোগাসন চর্চা করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
সুস্থ শরীর ও আনন্দে পরিপূর্ণ মনের সংযোগ ঘটাতে প্রাচীন ভারতের মনীষীরা এমন একটি চিকিৎসা পদ্ধতি আবিস্কার করেছিলেন, যার সাহায্যে মানুষ সুস্থ জীবন যাপনে সক্ষম হবে—এ পদ্ধতি এখন সারাবিশ্বে যোগব্যায়াম বা যোগচিকিৎসা নামে পরিচিত।
যোগ চিকিৎসার মূলে আছে অষ্টাঙ্গযোগের তৃতীয় অঙ্গ আসন। আ অক্ষরের অর্থ সর্বত্র, স এর অর্থ ঈশ্বর আর ন এর অর্থ জ্ঞান। সর্বত্র ঈশ্বর জ্ঞান অর্থাৎ সব প্রতিবন্ধকতা জয় করে উদার চেতনার পথে যাওয়াই যোগ ব্যায়ামের লক্ষ্য।
দেহের অঙ্গ-প্রত্যঙ্গকে সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়ায় সঞ্চালন করে আসনের সাহায্যে দেহের ও মনের অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করেন বক্তারা।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইয়োগা অ্যাসোসিয়েশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পক্ষ থেকে বিশেষ যোগব্যায়াম দেখানো হয়।
পরে অনুষ্ঠানে আসা সকলে যোগব্যায়ামে অংশ নেন।