ফরিদপুরে মোটরসাইকেল না পেয়ে ছেলের দেয়া আগুনে দগ্ধ বাবা বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ টি এম রফিকুল হুদা (৪৮) মারা যান।
তিনি জেলা শহরের কমলাপুর ডিআইবি বটতলা এলাকার বাসিন্দা এবং তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার ছোট ভাই।
রফিকুল হুদার ভাই সিরাজুল হুদা সাংবাদিকদের বলেন, ভোর ৪টার দিকে রফিকুল মারা যান।
চিকিৎসকরা জানান, আগুনে তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশই বাদী হয়ে মামলা করবে।
গত বৃহস্পতিবার বিকেলে নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে ফরিদপুর শহরে নিজের মা-বাবার শরীরে আগুন দেয় ১৭ বছরের এক কিশোর। এতে তার বাবা রফিকুল হুদা গুরুতর দগ্ধ হন। মা সিলভিয়া হুদা (৪০) সামান্য দগ্ধ হন। আগুনে কিশোরের শরীরের কিছু অংশ পুড়ে যায়।
রফিকুলের ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ বলেন, এসএসসি পাস করা ওই কিশোর তার বাবার কাছে নতুন মডেলের একটি মোটরসাইকেল দাবি করে। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে সে বাবার ওপর ক্ষুব্ধ হয়। একপর্যায়ে ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রফিকুলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। সিলভিয়ার পায়ের কিছু অংশ পুড়ে যায়। আগুনে ওই কিশোরেরও পায়ের কিছু অংশ পুড়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী তিন জনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রফিকুলের অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
সিলভিয়া ও তার ছেলেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল পেশায় ব্যবসায়ী ছিলেন। ওই কিশোর তার একমাত্র সন্তান।