সিলেটে নৃশংস হামলায় সঙ্কটাপন্ন কলেজ ছাত্রী খাদিজার বেগম নার্গিসের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা— তবে এখনো তার জ্ঞান ফেরেনি।
শনিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলেন জানানো হয়, খাদিজার জ্ঞান ফিরতে এখনো সাত দিন থেকে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে।
চিকিৎসকরা আরো জানান, জ্ঞান ফেরার পর বোঝা যাবে খাদিজা সুস্থ হবে কি-না।
ইনজুরির মাত্রা বেশি হওয়ায় এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি বলে জানান তারা।
এসময় খাদিজার মৃত্যুর গুজব সঠিক নয় উল্লেখ করে, এরকম গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন।
গত মঙ্গলবার অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য বেধে দেয়া ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হয় শুক্রবার।
গতকাল স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেন, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু অবস্থার অবনতি হয়নি তাই বলা যায় কিছুটা ইতিবাচক।
এদিকে, খাদিজাকে কুপিয়ে জখম করার ঘটনায় গতকালও সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের ৭২ ঘণ্টার পর তার অবস্থা সম্পর্কে জানানোর কথা থাকলেও স্বজনরা জানিয়েছেন পর্যবেক্ষণের সময় বাড়িয়েছে চিকিৎসকরা।
এ সময় তারা খাদিজার মৃত্যুর খবর নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধও জানান।
এছাড়া হামলাকারীর বিচারের দাবিতে শুক্রবারও সিলেটে নানা কর্মসূচি পালিত হয়েছে— নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ মানুষ।
এদিকে, রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ।
এসময় বক্তারা হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া কেন্দ্রীয় নারী মুক্তি কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন নগরীর বিভীন্ন এলাকায় মানববন্ধন করেছে।
গত সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ছাত্রলীগ নেতা বদরুল খাদিজাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বুধবার সিলেট মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় বদরুল।