রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের একটি কক্ষে সোমবার আগুন লেগে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, সোমবার ভোরে গুলশান দুই নম্বর সেবকশনের ৭৩ নম্বর রোডে নাভানা টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাওটের একটি কক্ষে আগুন লাগে। ফ্ল্যা্টের ওই কক্ষে বাসার তিন গৃহকর্মী ছিলেন। তারা তিনজনই দগ্ধ হয়েছেন।
তারা হলেন- শরিফা আক্তার (১৮), পারভিন বেগম (৩৮) ও বেদানা আক্তার (২০)।
তাদের মধ্যে শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ এবং পারভিনের ২০ শতাংশ পুড়ে গেছে।
পুলিশ পরিদর্শক সালাউদ্দিন বলেন, ওই বাসায় কোনো গ্যাস সিলিন্ডার নেই। রান্নাঘরের গ্যাসের পাইপ ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার সকাল সোয়া ৬টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ওই কক্ষের আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।